সিলেটে একঘণ্টা পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের দায়িত্বে শিশুকন্যা ইমু দাস

প্রকাশিত October 31, 2023
সিলেটে একঘণ্টা পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের দায়িত্বে শিশুকন্যা ইমু দাস

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে চা-শ্রমিক কন্যা ইমু দাস সিলেটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো।
এক ঘণ্টার জন্য প্রতীকী এ দায়িত্ব নিয়েই নবম শ্রেণির এ শিক্ষার্থী জেলার মানুষের জন্য স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানায়।
‘মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন : আমাদের নেতৃত্ব, আমাদের কল্যাণ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে সোমবার, ৩০ অক্টোবর সিলেট মহানগরীর টিবি গেইটি এলাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার নিকট থেকে প্রতীকী উপ-পরিচালকের দায়িত্ব গ্রহণ করে ইমু দাস। এ সময় উপ-পরিচালক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তার অধীনে দায়িত্ব পালন করেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন-আরডব্লিউডিওর উদ্যোগে এই কার্যক্রম সম্পন্ন হয়।
আরডাব্লিউওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডাব্লিউওয়াই মুভস প্রকল্প একাউন্টস ও এডমিন অফিসার মো মহসিন রেজা, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স লাক্কাতুরা চা-বাগান কমিটির সভাপতি অষ্টমনি লোহার, সহসভাপতি সমীক লোহার, সাংগঠনিক সম্পাদক আলোমনি গোয়ালা, শিশু সাংবাদিক সুজিত গোয়ালা, সদস্য সাগর গোয়ালা, দীপ্তি লোহার, শিক্ষিকা রেবা সিনহা ও অভিভাবক রেহানা দাস।