জকিগঞ্জে পুলিশের উপর হামলা : বিএনপি-জামাত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ১

প্রকাশিত October 29, 2023
জকিগঞ্জে পুলিশের উপর হামলা : বিএনপি-জামাত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ১

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জে শনিবার, ২৮ অক্টোবর রাতে পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি দিয়ে মামলা দায়ের হয়েছে।
রবিবার জকিগঞ্জ থানার এসআই মহরম আলী বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে নামোল্লেখিত আসামিরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম সহ কবির আহমেদ মেম্বার, কাউছার আহমদ, সাব্বির হোসেন, আনোয়ার হোসেন খান, জুয়েল আহমদ, রেজাউল, ফয়সাল আহমদ, সামাদ রেজা, শেখ শাকিল, নেজাম উদ্দিন, কামাল, জাকির, নাজিম, হোসাইন আহমদ, ফয়সাল আহমদ জুয়েল, এনাম, লোকমান আহমদ লুকু, জাকির, মঞ্জুর আহমদ, হাবিবুর রহমান ও আব্দুল কাদির।
এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মানিকপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের জালাল আহমদ ককা মিয়ার ছেলে বিএনপি নেতা সাব্বির আহমদকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, কালীগঞ্জ বাজারে যাত্রী ছাউনির সামনে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের উপর বিএনপি-জামাতের নেতা-কর্মীরা একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান নেয়। এ খবর পেয়ে এসআই মহরম আলী পুলিশ নিয়ে সেখানে গেলে উপস্থিত হলে বিএনপি-জামাত নেতা-কর্মীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে পুলিশের প্রাণনাশের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক সহ দা, শাবল, রড, বাঁশের লাঠি, রামদা, ইট-পাটকেল ইত্যাদি নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায় এবং ৪/৫টি ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য বাবলু চন্দ্র দাস, বিলাস দাস, মো শামীম আহমদ ও মোক্তার হোসেন আহত হন। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের কিছু অংশ, ৫টি ইটের টুকরা, ৭টি পাথর ও ৪টি বাঁশের লাঠি জব্দ করে।
জকিগঞ্জ থানার ওসি মো জাবেদ মাসুদ মামলা ও একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।