নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ খাল কেটে কুমির আনবেনা। আমাদের দেশ আমরাই চালাবো। সমস্যা যাই থাকুক না কেন আমাদেরকেই সমাধা করতে হবে।’
শুক্রবার, ২৭ অক্টোবর সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সংকলন ‘লেন্স’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা এসেছে-গণতন্ত্রও প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র বা উন্নয়ন কোনো ক্ষেত্রেই এ দলের বিকল্প নেই।
তিনি বলেন, গণতন্ত্র চর্চা করতে হয়। আর এক্ষেত্রে প্রধান কাজ হলো নির্বাচন। সংবিধান অনুযায়ীই তা অনুষ্ঠিত হবে।
এম এ মান্নান বলেন, ২৮ অক্টোবর কিছুই হবেনা। তবে কেউ যদি ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করে তাহলে পুলিশ সেটা দেখবে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটি বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। বিশেষ অতিথি ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, দৈনিক সিলেটের ডাক সম্পাদকমণ্ডলীর সভাপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আতাউর রহমান আতা। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুব্রত দাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেতবৃন্দ উপস্থিত ছিলেন।