নিজস্ব প্রতিবেদক : আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে সিলেট সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরের সর্বমোট ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর মহানগরীর দক্ষিণ সুরমায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আহুত সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী এইবাজেট ঘোষণা করেন।
এ সময় সিসিকের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, নাগরিকবৃন্দকে অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্দেশিত ‘বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাসিফিকেশন সিস্টেম’ অবলম্বনে সিটি কর্পোরেশনের জন্য প্রণীত অভিন্ন বাজেট ফরমের আলোকে সিসিকের বাজেটও প্রণয়ন করা হয়েছে।
নতুন বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স বাবদ ৪৮ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্থান্তরের উপর কর বাবদ ২৫ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ১০ কোটি ৪৫ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ৮০ লাখ টাকা, ঠিকাদারী তালিকাভুক্তি ও নবায়ন ফিস বাবদ ৩০ লাখ টাকা, ল্যাব টেস্ট ফিস বাবদ ৬০ লাখ টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ ২ কোটি টাকা, ট্রাক টার্মিনাল ইজারা বাবদ ৫০ লাখ টাকা, খেয়াঘাট ইজারা বাবদ ২০ লাখ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ৫ কোটি টাকা, রোড রোলার ভাড়া বাবদ ৫০ লাখ টাকা, রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১ কোটি ৫০ লাখ টাকা, দক্ষিণ সুরমায় জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের টিকিট বিক্রি থেকে ১ কোটি ৫০ লাখ টাকা সহ রাজস্ব হিসাব উপাংশ-১ এ মোট ১০৫ কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৭ কোটি টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফি বাবদ ১ কোটি ২০ লাখ টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা সহ রাজস্ব হিসাব উপাংশ-২ এ মোট ১৮ কোটি ২৭ লাখ ১৬ হাজার টাকা।
এছাড়াও নগরবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট ১২৩ কোটি ৪০ লাখ ১১ হাজার টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
বাজেটে সিলেট সিটি কর্পোরেশন, নন-ডিপিপি ও ডিপিপি সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাতে প্রাপ্তি ৫২৬ কোটি ৫১ লাখ টাকা এবং নিজস্ব মার্কেট নির্মাণ খাতে ৩৭ কোটি টাকা আয় ধরা হয়েছে।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এরমধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ টাকা, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬০ টাকা, বিদ্যুত প্রকৌশল/সড়ক বাতি খাতে ৩ কোটি ১০ লাখ টাকা, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ টাকা, বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা যেমন ভূমি উন্নয়ন কর পরিশোধ খাতে ৫০ লাখ টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ খাতে ৪৫ লাখ টাকা, মোকদ্দমা ফি ও পরিচালনা খাতে ৫০ লাখ টাকা, জাতীয় দিবস উদযাপন খাতে ৯০ লাখ টাকা, নাগরিক সংবর্ধনা ও আপ্যায়ন খাতে ৮০ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয় খাতে ১৫ লাখ টাকা, মেয়র কাপ ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট খাতে ১ কোটি ৮০ লাখ টাকা, রিলিফ/জরুরি ত্রাণ খাতে ২ কোটি টাকা, আকস্মিক দূর্যোগ/বিপর্যয়/করোনা খাতে ২ কোটি টাকা, কার্যালয়/ভবন ভাড়া খাতে বরাদ্দ ১ কোটি টাকা, নিরাপত্তা/সিকিউরিটি পুলিশিং খাতে ৯০ লাখ টাকা ও ডিজিটাল মেলা আয়োজন খাতে ২০ লাখ টাকা উল্লেখযোগ্য।
এছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয় সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউজ, মেশিন, পাইপ লাইন মেরামত সংস্কার ও বিদ্যুত বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ৩৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত/সংস্কার, ব্রিজ/কালভার্ড নির্মাণ, ব্রিজ/কালভার্ড মেরামত/ সংস্কার, ড্রেইন নির্মাণ/মেরামত, সরঞ্জাম যন্ত্রপাতি ও সম্পদ ক্রয়, সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ/মেরামত, সিটি কর্পোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ ও সংস্কার, ঢাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব লিয়াঁজো অফিসের জন্য ফ্ল্যাট ক্রয়, কসাই খানা নির্মাণ/ময়লা আবর্জনা ফেলার জায়গা উন্নয়ন, সিটি কর্পোরেশনের যানবাহন রক্ষায় গ্যারেজ নির্মাণ, সিটি কর্পোরেশনের যানবাহন রক্ষণা-বেক্ষণে ওয়ার্কসপ নির্মাণ, হাট-বাজার উন্নয়ন, বাস টার্মিনাল সংস্কার ও উন্নয়ন, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পাঠাগার নির্মাণ, নাগরিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন, গভীর নলকূপ স্থাপন, এমজিএসপি প্রকল্পের রক্ষণা-বেক্ষণ কাজের নিজস্ব অর্থ ব্যয়, সিটি কর্পোরেশনের জন্য জিপ গাড়ি ও ২টি আধুনিক এ্যাম্বুলেন্স ক্রয় এবং নারীদের উন্নয়নে প্রকল্প গ্রহণ ইত্যাদি ব্যয় উল্লেখযোগ্য।
নন-ডিপিপি, ডিপিপি সরকারি অর্থায়নে এবং উন্নয়ন অংশীদার অর্থায়িত প্রকল্প সমুহের অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাতে ৫২৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সরকারি উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাতে ১০ কোটি টাকা, কোভিড-১৯ মোকাবেলা, ডেঙ্গু মোকাবেলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার উপ-খাত সহ সরকারি বিশেষ মঞ্জুরি খাতে ৩৪ কোটি টাকা, সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ১৮৫ কোটি ১২ লাখ টাকা, অতিবৃষ্টি ও বন্যায় সিলেট মহানগরীর ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৪৫ কোটি ৯৫ লাখ টাকা, হযরত শাহজালাল (র) মাজার, মসজিদ, মাদরাসা ও হযরত শাহপরান (র) মাজার উন্নয়ন ও সংস্কার প্রকল্প খাতে ২৯ কোটি ৮৬ লাখ টাকা, নগর ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প খাতে ১১ কোটি ৭০ লাখ টাকা, দক্ষিণ সুরমায় জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন ও রাইড স্থাপন খাতে ২ কোটি টাকা, সিটি কর্পোরেশন প্লাস্টিক রিসাইক্লিং প্লান্ট স্থাপন খাতে ৫ কোটি টাকা, তোপখানায় সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমিতে আধুনিক কমিউনিটি সেন্টার ও স্টাফ কোয়ার্টার নির্মাণ প্রকল্প খাতে ৫ কোটি টাকা, মসজিদ, মন্দির, গির্জা, মাজার, কবরস্থান, শ্মশান ঘাট, ঈদগা উন্নয়ন প্রকল্প খাতে ১০ কোটি টাকা, সুরমা নদীর উত্তর তীর ঘেষে সার্কিট হাউসের সম্মুখ হতে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেননিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্প খাতে ১০ কোটি টাকা, উৎপাদন নলকূপ স্থাপন খাতে ৫ কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের অগ্রাধিকার ভিত্তিতে স্যুয়ারেজ মাস্টার প্লান্টের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়ন প্রকল্প খাতে ৫ কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন ও প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্প খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প খাতে ৫ কোটি টাকা, সিটি কর্পোরেশন এসফল্ট প্লান্ট স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ খাতে ২০ কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে ৫ কোটি টাকা, কুমারপাড়ায় সিটি কর্পোরেশনের ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল স্থাপন খাতে ৫ কোটি টাকা, সিলেট মহানগরীতে যানজট নিরসনে ৪টি পার্কিং ব্যবস্থা নির্মাণ খাতে ৪ কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৪টি গরুর হাট নির্মাণ খাতে ৮ কোটি টাকা, ৪টি জবাইখানা নির্মাণ খাতে ৪ কোটি টাকা, বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন খাতে ৭ কোটি টাকা, বিভিন্ন ওয়ার্ডে অফিস নির্মাণ খাতে ১০ কোটি টাকা, বিভিন্ন ওয়ার্ডে অফিস স্থাপনে ভূমি ক্রয় খাতে ১০ কোটি টাকা, খেলার মাঠ নির্মাণ খাতে ৪ কোটি টাকা, নগরীর বস্তি সমূহের উন্নয়ন প্রকল্প খাতে ২ কোটি টাকাসহ মোট ৪৫৭ কোটি ৬৩ লাখ টাকা ডিপিপি ও নন-ডিপিপি সরকারি বরাদ্দ প্রাপ্তি, উন্নয়ন অংশীদার অর্থায়িত প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পে ২৯ কোটি ২৭ লাখ টাকা, বিশ্বব্যাংকের অর্থয়ানে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় ইওসি প্রকল্প খাতে ৫ লাখ টাকা, ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় নাগরিকবৃন্দের জীবনমান উন্নয়নে (মা ও শিশুদের স্বাস্থ্য সেবা, টিকাদান, পুষ্টি সেবা) প্রকল্প খাতে ২ কোটি টাকা, সেইভ দ্যা চিলড্রেনের আর্থিক সহায়তায় বাংলাদেশের নগর জনস্বাস্থ্য শক্তিশালীকরণ প্রকল্প খাতে ৬ লাখ টাকা, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প খাতে ৫০ লাখ টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব উন্নয়ন প্রকল্প খাতে মার্কেট নির্মাণ বাবদ প্রাপ্ত সালামি ও সিটি কর্পোরেশন আবাসিক প্রকল্পের নির্মাণ খাতে মোট ৩৭ কোটি টাকা প্রাপ্তি স্বাপেক্ষে ব্যয় ধরা হয়েছে।