সুরমায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাস যাত্রায় বিদায় জানানো হলো দেবী দুর্গাকে

প্রকাশিত October 24, 2023
সুরমায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাস যাত্রায় বিদায় জানানো হলো দেবী দুর্গাকে

নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় রীতি-নীতিতে শারদীয় দুর্গোৎসব শেষে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে কৈলাস যাত্রায় বিদায় জানানো হয়েছে।
বাঙালি হিন্দু সমাজের পাঁচ দিনব্যাপী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মঙ্গলবার, ২৪ অক্টোবর শেষ হয়।
সিলেটে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সুরমা নদীতে ঐতিহাসিক চাঁদনীঘাটে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্বিঘ্নে কড়া নিরাপত্তা ব্যবস্থায় চলে বিসর্জন। হাজার কয়েক ভক্ত দেবী দুর্গাকে ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে বিদায় জানান।
বিপুল সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বীও এই আনন্দ-বেদনা মিশ্রিত মুহূর্তটি প্রত্যক্ষ করেন।
এ উপলক্ষে স্থাপিত মঞ্চ থেকে রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সবাই বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে শাণিত করে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।