অন্যথায় জনরোষের মুখে পালানোর পথ খুঁজে পাবেনা সরকার : সিলেট বিএনপি

প্রকাশিত October 24, 2023
অন্যথায় জনরোষের মুখে পালানোর পথ খুঁজে পাবেনা সরকার : সিলেট বিএনপি

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করে দেশকে এখন দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাদের হাতে দেশের মাটি ও মানুষ নিরাপদ নয়। তারা জনবিচ্ছিন্ন হয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা ভোট পাবেনা।
তারা আরও বলেছেন, যতই টালবাহানা করা হোক না কেন আওয়ামী লীগের অধীনে এদেশে আর কোন নির্বাচন হবেনা। তাই অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় সরকার জনরোষের মুখে পালানোর পথ খুঁজে পাবেনা। চলমান যুগপৎ আন্দোলন সফল করতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশে সবাইকে সম্মিলিতভাবে যোগদান করতে হবে।
মঙ্গলবার, ২৪ অক্টোবর বিকেলে মহানগরীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভার শুরুতে মহাসমাবেশ যোগদানের বিষয় নিয়ে নীতি নির্ধারণী বক্তব্য রাখেন জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এছাড়াও সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি