নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। তাই সব ধর্ম ও বর্ণের মানুষের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।
সোমবার, ২৩ অক্টোবর বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মেয়র পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন বিকেল ৪টায়। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ নগরী। প্রাচীনকাল থেকে এ নগরীতে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করছেন। পারস্পরিক ধর্মীয় আবেগ-অনুভূতির প্রতি সবাই শ্রদ্ধাশীল ছিলেন-আছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন তৎপরতার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের শিখরের দিকে এগিয়ে যাচ্ছে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ ছাড়াও শিববাড়ি, ভাঙাটিকর ও গোটাটিকরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজারীরা তাকে স্বাগত জানান।
এ সময় মেয়রের সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সিলেট মহানগর সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, জেলা সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর সহসভাপতি জগদীশ দাশ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, সিসিক কাউন্সিলার রিয়াজ মিয়া, বাবুল দেবনাথ, উজ্জ্বল দেবনাথ, পিযুষ কান্তি তালুকদার, হরিপদ দাস, মিহির চদ্র দাস প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি