বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার, ২৩ অক্টোবর ওইতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল এন্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজ-আরসিগ্লিডে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ ও ওইতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহসভাপতি অধ্যাপক ডা আকিরা নিশিজোনে এতে স্বাক্ষর করেন।
অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় দু’টির মধ্যে গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার সুযোগ তৈরি হবে।
আরসিগ্লিডের সহকারী অধ্যাপক ডা শাকিরুল খানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরসিগ্লিডের ভিজিটিং রিসার্চার, বাংলাদেশী বংশোদ্ভুত চিকিৎসা বিজ্ঞানী ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগর প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
উল্লেখ্য, গত দু’বছর যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগে ও ওইতা বিশ্ববিদ্যালয়ের আরসিগ্লিড যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি