৭ এপিবিএনের অভিযানে খাগড়াছড়িতে ১৩ লাখ টাকার বিদেশী সিগারেট সহ আটক ১

প্রকাশিত October 23, 2023
৭ এপিবিএনের অভিযানে খাগড়াছড়িতে ১৩ লাখ টাকার বিদেশী সিগারেট সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অভিযানে ১৩ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট সহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রবিবার, ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় সহঅধিনায়ক পুলিশ সুপার কাজী মো আব্দুর রহীমের তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার আবু হাসান মো যায়ীদ ও সহকারী পুলিশ সুপার মো মোস্তফা হারুনের নেতৃত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার হ্যাডম্যানপাড়ার পেরাছড়া এলাকায় রনি চাকমার বসত ঘর থেকে লাল রংয়ের ’মন্ড স্ট্রবেরি ’লেখা ৪৫০ কার্টুন ও সবুজ রঙের ’মন্ড গ্রিন অ্যাপল’ লেখা ২০০ কার্টুন মিলিয়ে সর্বমোট ৬৫০ কার্টুন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করা হয়।
৭ এপিবিএনের তথ্য বিবরণীতে জানানো হয়, জব্দকৃত বিদেশী সিগারেটের বাজার মূল প্রায় ১৩ লাখ টাকা। এ ঘটনায় নলেজ চাকমা (২১, পিতা রনি চাকমা, পেরাছড়া, হ্যাডম্যানপাড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা) নামে একজনকে আটক করা হয়।
পুলিশ পরিদর্শক (নি) মো খায়রুল ইসলাম বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় আটক ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।