দুর্গাপূজায় সিলেটে জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতে পুলিশ সুপারের ডিজিটাল গাইড ম্যাপ

প্রকাশিত October 21, 2023
দুর্গাপূজায় সিলেটে জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতে পুলিশ সুপারের ডিজিটাল গাইড ম্যাপ

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজায় সিলেটে জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার ডিজিটাল গাইড ম্যাপ তৈরি করেছেন।
সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলেছে দেশ। ডিজিটালাইজেশনের এ যুগে সেবা সহজীকরণে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মপরিকল্পনা। ভবিষ্যত বাংলাদেশের স্মার্ট সিটিজেনদের সেবা প্রদানের বিষয়টি মাথায় রেখে চলমান শারদীয় দুর্গাপূজায় সিলেট জেলার পুলিশ সুপার ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ডিজিটাল গাইড ম্যাপ তৈরি করেছেন।
এই ডিজিটাল গাইড ম্যাপে রয়েছে সিলেট জেলার সকল পূজামণ্ডপের গুগল লোকেশন। রয়েছে জেলা পুলিশের আওতাধীন এলাকার সকল থানা ও থানাসমূহের অধীনস্থ বিটপুলিশের গুগল লোকেশন। এছাড়া প্রত্যেক থানার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ বাস ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং রেলস্টেশনের গুগল লোকেশন রয়েছে।
তথ্য বিবরণীতে আরও জানানো হয়, জেলা পুলিশের পক্ষ থেকে এই ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে ,যাতে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা সমুন্নত রেখে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনে সক্ষম হন এবং কোনো ধরনের সমস্যার সম্মুখিন হলে খুব দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
পূজারীরা কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন সে ক্ষেত্রে এই ডিজিটাল ম্যাপ চমৎকার গাইডলাইন হিসেবে কাজ করবে।
এছাড়া পূজারীদের পূজামণ্ডপে যাওয়ার জন্য নিকটতম সিএনজি অটোরিকশা ও বাস স্ট্যান্ড এবং রেলস্টেশন খুঁজে পেতেও তা সহায়তা করবে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সম্প্রীতির বাংলাদেশে পুণ্যভূমি সিলেটে চলমান শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ রয়েছে সজাগ ও সতর্ক অবস্থানে। সেবা প্রদান ও প্রাপ্তিকে সহজীকরণে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্মার্ট পুলিশ গড়ে তুলতে সিলেট জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।