উপজেলা পর্যায়ে বিনিয়োগের সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে সিলেট চেম্বারের পর্যালোচনা সভা

প্রকাশিত October 18, 2023
উপজেলা পর্যায়ে বিনিয়োগের সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে সিলেট চেম্বারের পর্যালোচনা সভা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সিলেট জেলার উপজেলাগুলোতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্ভাব্য খাত সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৮ অক্টোবর বিকেল ৪টায় চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ। গবেষক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সল।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেট অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের মধ্যে অত্যন্ত সম্ভবনাময় একটি অঞ্চল। জেলার বিভিন্ন উপজেলায় কি কি সম্ভাবনাময় খাত রয়েছে এবং কোন কোন খাতে বিনিয়োগ অধিক লাভজনক হতে পারে সে ব্যাপারে উদ্যোক্তাদের নিকট হতে তথ্য সংগ্রহের জন্য এ সভার আয়োজন করা হয়েছে।
এ কাজে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সল ও শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করছেন জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও পরবর্তী সময়ে আরও পর্যালোচনা করে একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হবে, যা সিলেটে বিনিয়োগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
গবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সল বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ‘সিলেট অঞ্চলে প্রবাসী বিনিয়োগ : একটি সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক একটি গবেষণায় আগর-আতর শিল্প, সিরামিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও সিমেন্ট কারখানা সহ ২০টি সম্ভাবনাময় খাত চিহ্নিত করেছিলেন। তবে এসব খাত সম্পর্কে আরও তথ্যের প্রয়োজন রয়েছে।
পর্যালোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মো আব্দুর রহমান জামিল, ফাহিম আহমদ চৌধুরী, আমিনুর রহমান লিপন ও কাজী মো মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন উপজেলার কয়েকজন সফল উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি