নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এদিনে তার জন্ম। ১৯৭৫ সালের পনেরো আগস্ট ঘাতকরা পিতা-মাতা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করে। মাত্র ১১ বছর তিনি বেঁচে ছিলেন।
সারাদেশে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হবে। সিলেট জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল পৌণে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে বন্দর বাজার-চৌহাট্টা হয়ে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত শোভাযাত্রা।
পরে সেখানে সকাল ৯টায় শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা ও ভিডিওচিত্র প্রদর্শন, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমির চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সুবিধাজনক সময়ে প্রিয় শেখ রাসেল বিষয়ক প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং সুবিধাজনক সময়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ল্যাব নির্বাচন ও পুরস্কার প্রদান। এছাড়া দুপুর পৌণে ২টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।