হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষি উন্নয়নের উপর জোর দিয়ে কৃষি বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন কৃষিবিদদের। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবিদগণ খাদ্য উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
তিনি আরও বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে।
সোমবার, ১৬ অক্টোবর দুপুর ১২টায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় উপাচার্য প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
‘পানি জীবন, পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে’ বিশ্ব খাদ্য দিবসের এ বছরের এই প্রতিপাদ্য বিষয়ের উপর গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
গোলটেবিল আলোচনায় সঞ্চালনা করেন ক্রপ বোটানি বিভাগের সহকারী অধ্যাপক ড মো আবুবকর সিদ্দীক। মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ‘বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা’ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমিক বিভাগের সহযোগী অধ্যাপক ড অরুণ চন্দ্র বর্মন ও জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন। ‘কৃষি উন্নয়ন ও খাদ্যশষ্য উৎপাদনে পানির ভূমিকা’ নিয়ে আলোচনা করেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রভাষক ড জাকারিয়া চৌধুরি অনিক ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মো হাবিবুল্লাহ সিদ্দিকী। এছাড়া ‘প্রাণীসম্পদ উন্নয়নে পানির ভূমিকা’ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রভাষক ডা সালাউদ্দিন ইউছুপ ও ফিজিওলজি, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রভাষক ডা রহিমা আক্তার দীপা।
এছাড়াও বক্তব্য রাখেন হকৃবির ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মো সাদেকুজ্জামান।
গোলটেবিল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি