নগর উন্নয়নে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করেছেন মেয়র আরিফ : পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত October 13, 2023
নগর উন্নয়নে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করেছেন মেয়র আরিফ : পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর উন্নয়নে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করেছেন ।
তিনি আরও বলেছেন, মেয়র থাকাকালীন দুই মেয়াদে আরিফুল হক চৌধুরী নগর উন্নয়নে সদা সচেষ্ট ছিলেন।
শুক্রবার, ১৩ অক্টোবর বিকেলে সিসিকের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত মেয়র আরিফুল হক চৌধুরী টানা দুই মেয়াদে মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা দানে সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে বলেন, ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে তিনি নির্মোহভাবে কাজ করার চেষ্টা করেছেন।
মেয়র না থাকলেও তিনি সিলেটের উন্নয়নে সবসময় সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র-১ কান্সিলর মোহাম্মদ তৌফিক বকস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বিশিষ্ট রাজনীতিক বেদানন্দ ভট্টাচার্য্য, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিলেট ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট প্রেস বিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা, প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা নাসিম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও জ্যেষ্ঠ সংবাদিক আব্দুর রশিদ রেনু। শুভেচ্ছা বক্তব্য দেন সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া মানপত্র পাঠ করেন জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ।
এছাড়া প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও সিসিকের কাউন্সিলরগণ মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগর ভবনের একটি প্রতীকী চাবি তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি