মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপদেষ্টা, কুয়েত ও ইয়েমেনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ও চট্টগ্রামের সাবেক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন এনডিসি, পিএসসি (অব) বলেছেন, ‘স্কাউটিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও উদ্যমী করে গড়ে তুলে। দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে স্কাউটারা সদা প্রস্তুত। তাঁবুবাসের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মন ও মননে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং হাইকিং, মাউন্টারিং ও সাইক্লিংয়ের মতো অধ্যায়সমূহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।’
তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউটিংসহ অন্যান্য শিক্ষা ও সহশিক্ষামূলক অগ্রগতির প্রশংসা করে বলেছেন, সিলেট ও দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে কীভাবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজ করতে পারে সে ক্ষেত্রে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সবচেয়ে বড় উদাহরণ।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর সকাল ১০টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৬ষ্ঠ বার্ষিক তাঁবুবাসের উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন (অব) প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক। রোভার মেট মো তারেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্সের ডিন প্রফেসর ড তাহের বিল্লাল খলিফা, স্কুল অব ল’র ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মাকসুদ আহমেদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড এম জেড আশরাফুল, ইংরেজি বিভাগের প্রধান ও আইকিএসির অতিরিক্ত পরিচালক ড রমা ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমরান উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান চৌধুরী নওশাদ আহমেদ এবং আইকিএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়।
এর আগে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের পতাকা উত্তোলন করেন যথাক্রমে মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন এনডিসি, পিএসসি (অব), উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক ও রোভার স্কাউট লিডার অর্থনীতি বিভাগের প্রভাষক মো আমজাদ হোসেন।
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রথম রোভার স্কাউটিং শুরু হয়।
বটেশ্বরে স্থায়ী ক্যাম্পাসের সাউথ ব্লকে ৪ দিনব্যাপী ৬ষ্ঠ তাঁবুবাসে ৫০ জন রোভার অংশ নিচ্ছেন। আগামী শনিবার সন্ধ্যা ৬টায় মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি