চুনারুঘাটের ৩টি বাগানে দুর্গাপূজার বোনাস ও এরিয়ার টাকার দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

প্রকাশিত October 11, 2023
চুনারুঘাটের ৩টি বাগানে দুর্গাপূজার বোনাস ও এরিয়ার টাকার দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : আসন্ন দুর্গাপূজার বোনাস ও এরিয়ার টাকা পরিশোধের দাবিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩টি চা বাগানের শ্রমিকরা দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন ।
বুধবার, ১১ অক্টোবর দুপুর থেকে কর্মবিরতি পালন করে দেওন্দি চা বাগানের নাচ ঘরে বাগান ৩টির প্রায় ১৪শ শ্রমিক সমাবেশ করেন।
শ্রমিক নেতারা জানান, চুনারুঘাটের দেওন্দি, গিলানি ও রঘুনন্দন চা বাগানের শ্রমিকদের ১৯ মাসের এরিয়ার প্রায় ৪২ লাখ টাকা এবং দুর্গাপূজার বোনাস জনপ্রতি ৫ হাজার ২০০ টাকা করে প্রায় ৭২ লাখ টাকা পাওনা রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি; কিন্তু মালিকপক্ষ বারবার তারিখ করেও তাদের পাওনা পরিশোধ করেনি। সর্বশেষ গত ২ অক্টোবর মালিক পক্ষ সময় চেয়ে শ্রমিক নেতাদের নিকট একটি চিঠি দেন। দেওন্দি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক এম ওয়াহিদুল হক স্বাক্ষরিত চিঠিতে ১০ অক্টোবরের মধ্যে সকল পাওনা পরিশোধ করার কথা থাকলেও পরিশোধ করা হয়নি।
সমাবেশে বক্তব্য রাখেন দেওন্দি চা বাগানের শ্রমিক নিরালা ভৌমিক, রঘুনন্দন চা বাগানের শ্রমিক সুশীলা মালা, দেওন্দি চা বাগানের শ্রমিক সুজিত বাউরি ও লস্করপুর ভ্যালির সাবেক সাধারণ সম্পাদক মনি শংকর বাউরি।
দেওন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান, শ্রমিকদের দাবি সবই সঠিক; কিন্তু চা বাগানের উৎপাদন ও বাজার মন্দা থাকায় আয় কম। ফলে টাকা যথাসময়ে দেওয়া সম্ভব হচ্ছেনা। কর্তৃপক্ষ ধাপে ধাপে টাকা পরিশোধ করতে চাইছে।