সিলেটে ইয়েস ক্যাম্পে দুর্নীতি দারিদ্র অবিচার ও বৈষম্য প্রতিরোধের অঙ্গীকার তরুণদের

প্রকাশিত October 9, 2023
সিলেটে ইয়েস ক্যাম্পে দুর্নীতি দারিদ্র অবিচার ও বৈষম্য প্রতিরোধের অঙ্গীকার তরুণদের

সিলেটে দুর্নীতিবিরোধী ইয়েস ক্যাম্পে অংশগ্রহণকারী প্রায় ৩শ তরুণ দুর্নীতি, দারিদ্র, অবিচার ও বৈষম্য প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার : তরুণদের ভাবনা’ স্লোগান নিয়ে মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী এই ক্যাম্প সোমবার, ৯ অক্টোবর শেষ হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুপ্রেরণায় গঠিত সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের তরুণদের দুর্নীতিবিরোধী ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট-ইয়েস সদস্যরা এতে অংশ নেয়।
ইয়েস ক্যাম্পে মুখ্য আলোচক ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।
ড ইফতেখারুজ্জামান তরুণদেরকে দুর্নীতিবিরোধী শপথ অন্তরে ধারণ করার আহবান জানিয়ে বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতি বৈষম্য তৈরি করে। নারী অধিকার হরণ করে। দারিদ্র ও অবিচার বাড়ায়।
তিনি আরও বলেন, দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে শুদ্ধাচার ব্যবস্থা ভেঙ্গে যায়, অকার্যকর হয় এবং রানা প্লাজার মতো ঘটনা ঘটে।
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে উল্লেখ্য করে ড ইফতেখারুজ্জামান বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুর্নীতিতে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়না। তবে বাংলাদেশে একদিন দুর্নীতি নিয়ন্ত্রণ হবেই।
ক্যাম্পের দ্বিতীয়দিন সকালে ‘দুর্জয় তারুণ্য : স্বেচ্ছাসেবা, নৈতিকতা ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো আতিকুর রহমানের সঞ্চালনায় এতে প্যানেল আলোচক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল আওয়াল চৌধুরী মাসুদ, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি ডা আরেফিন রহমান হিমেল ও বিবিসির জরিপে ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর অন্যতম সানজিদা ইসলাম ছোঁয়া।
বক্তারা বলেন, তরুণদের স্বেচ্ছাব্রতী জাগরণ ও ঐক্য ছাড়া দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়।
দেশের বিভিন্ন অর্জনে তরুণদের ঐতিহাসিক ভূমিকা উল্লেখ্য করে বক্তারা বলেন, একজন তরুণ হিসেবে মাতৃভূমিকে দুর্নীতিমুক্ত করা প্রত্যেকের দায়িত্ব। স্বেচ্ছাসেবা, তারুণ্য, নৈতিকতা ও নেতৃত্ব এক মোহনায় মিলিত হলেই প্রতিরোধ সম্ভব।
ইয়েস ক্যাম্পের শেষ দিন সকালে ‘শুদ্ধাচার, মানবাধিকার এবং জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমানের সঞ্চালনায় এতে প্যানেল আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড তাহমিনা ইসলাম, বৃহন্নলার প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলাম ও টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।
আলোচকরা শুদ্ধাচার, মানবাধিকার ও জেন্ডার সংবেদনশীলতা চর্চা করতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন।
তারা বলেন, দুর্নীতির কারণে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই তরুণদের জেন্ডার সংবেদনশীল দুর্নীতিবিরোধী আন্দোলন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গভেদে কোন প্রকার বৈষম্য প্রদর্শন করা যাবেনা।
ক্যাম্পে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি দুর্নীতিবিরোধী কার্যক্রমে অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সিলেট, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, ময়মনসিংহ, মুক্তাগাছা, জামালপুর, নালিতাবাড়ী, গাজীপুর, কিশোরগঞ্জ, ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক, ইউল্যাব, স্টামফোর্ড ইউনির্ভাসিটি, সেন্ট্রাল উইমেন ইউনির্ভাসিটি, ঢাকা ইয়েস-১, ঢাকা ইয়েস-২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইন্সস্টিটিউটের ইয়েস প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সফল করতে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত তরুণরা দুর্নীতি প্রতিরোধে তাদের জীবনের সকল বাধা পেরিয়ে পরিবর্তনের গল্প, অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি