সিলেটে নানা কর্মসূচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করলো সিটি করপোরেশন

প্রকাশিত October 8, 2023
সিলেটে নানা কর্মসূচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করলো সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শূন্য থেকে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করানোর ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে বিধিমতো সতর্কতা অবলম্বন করতে হবে।
রবিবার, ৮ অক্টোবর সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে সিসিকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সিসিকের ওয়ার্ড সচিব ও স্বাস্থ্য কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নগর ভবনের ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন। এছাড়াও কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখা কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন।
এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘জন্ম-মৃত্যু নিবন্ধন করি-নাগরিক অধিকার নিশ্চিত করি’।
দিনটি উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয়।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনে এ যাবৎ ৭ লাখ ৭৬ হাজার ৬৫১ জন নাগরিকের জন্ম নিবন্ধন এবং ৪ হাজার ৩৫ জন নাগরিকের মৃত্যু নিবন্ধন করা হয়েছে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি