নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেছেন, সংসদীয় কূটনীতি বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর বিকেলে সিলেটে একটি অভিজাত হোটেলে ‘একাদশ বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।
ড শিরীন শারমিন চৌধুরী বলেন, গত এক দশকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।
তিনি বলেন, জি-টুয়েন্টি সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণ বিশ্ব অঙ্গনে বাংলাদেশ-ভারতের মধ্যে এক অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশের উদাহরণ স্থাপন করেছে।
স্পিকার বলেন, জ্বালানি খাতে ভারতের সহযোগিতার পাশাপাশি নেপাল থেকে জলবিদ্যুত আমদানিতে তৃতীয় সহযোগী দেশ হিসেবে ভারত সরকারের সহযোগিতা বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জনগণ কেন্দ্রীক উন্নয়ন সহযোগী দেশ হিসেবে দুই দেশের সরকার প্রধান বরাবরই অবিচল লক্ষ্যে এগিয়ে চলেছেন।
স্পিকার প্রযুক্তির জ্ঞান বিনিময়ের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে জনগণের জীবনমানের উন্নয়ন, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের জন্য মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমাতে শুল্কমুক্ত পণ্যের অবাধ প্রবাহের উপর জোর আরোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ভারতীয় লোকসভার সদস্য, সাবেক মন্ত্রী ভিনসেণ্ট পাল, স্বপন দাসগুপ্ত ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম শামছুল আরেফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সৈয়দ মুনতাসীর মামুন।
স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র) ও শাহপরান (র) মাজার শরীফ জিয়ারত করেন। সূত্র বাসস