দুর্যোগ মোকাবেলায় সিসিকের সকল উদ্যোগ থমকে গেছে : বিদায়ী মেয়রের তথ্য প্রকাশ

প্রকাশিত October 5, 2023
দুর্যোগ মোকাবেলায় সিসিকের সকল উদ্যোগ থমকে গেছে : বিদায়ী মেয়রের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ভূমিকম্পসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন প্রস্তুত; কিন্তু ঘন বসতিপূর্ণ এই মহানগরীতে বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে যন্ত্রপাতির সংকট রয়েছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর সকালে নগর ভবনের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।
মেয়র জানান, সিলেটে ইদানিং ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পরামর্শে সিসিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে মহানগরীতে ৪টি খেলার মাঠ বা খালি স্থান তৈরির পরিকল্পনা গ্রহণ করে; কিন্তু কেন্দ্রীয় সরকার ৩০ শতাংশ নিজস্ব অর্থ সংকুলানের শর্তে ২টি মাঠ প্রস্তুতের অনুমোদন দিলেও এখন পর্যন্ত অর্থ বরাদ্দ না দেওয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছেনা।
আরিফুল হক চৌধুরী জানান, সিলেট মহানগরীর ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। তাই নগরবাসীর প্রতিদিনের ৮ কোটি লিটার পানির চাহিদা পূরণে ২টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাশাপাশি গভীর উৎপাদক নলকূপের উপর নির্ভর করতে হচ্ছে। তবে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূমিকম্প ঝুঁকি বৃদ্ধি পায় বলে বিশেষজ্ঞদের অভিমত। সেজন্য চেঙ্গের খাল নদীর পানি সংগ্রহ করে ৫০ এমএলডি উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির পরিকল্পনা হাতে নেয় সিসিক; কিন্তু দীর্ঘ দিনেও সরকার থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় সেটা নির্মাণের কাজও থমকে গেছে।
মেয়র বলেন, বর্ধিত এলাকাসহ সিসিকের উন্নয়নে ৪ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের কাছে দেওয়া হলে তা ১ হাজার ২০০ কোটি টাকায় নামিয়ে এনে অনুমোদন দেওয়া হয়েছে; কিন্তু এখনও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।
সিলেট মহানগরীর ২৩টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উচ্চ আদালতে মামলা জনিত কারণে সিসিকের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত সিটি সুপার মার্কেটই ভাঙা যায়নি। একইভাবে বেশিরভাগ ভবন মালিক ও ব্যবসায়ীদের উচ্চ আদালতে করা মামলা এবং মালিকদের ভবনের সক্ষমতা বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর সহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।