সাংস্কৃতিক প্রতিবেদক : শারদা স্মৃতি ভবনে নাট্য-সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় স্বারষ্ট্রমন্ত্রী বরাবর। জেলা প্রশাসক দাপ্তরিক কাজে মহানগরীর বাইরে থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা হিমাংশু বিশ্বাস, নাজনীন হোসেন ও আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্যসংগঠক বেলাল আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি বিভাস শ্যাম যাদন, মোকাদ্দেস বাবুল, শামসুল বাসিত শেরো ও সুরাইয়া জামান, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোশতাক আহমদ, সাবেক সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন প্রমুখ।