সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বাঙালি সংস্কৃতিচর্চার বহমান ধারাকে আরও বেগবান করতে সিলেটের সংস্কৃতিকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার, ২৫ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেটের সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, যেহেতু আমাদের লক্ষ্য এক সেহেতু একসঙ্গে কাজ করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে। সিলেটের সংস্কৃতিচর্চার ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের পাশাপাশি আমরা সম্ভাবনাগুলোকেও কাজে লাগাবো। বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশ বিরোধী সকল প্রকার অপতৎপরতার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।
জেলা প্রশাসক সিলেটে বাউল উৎসব আয়োজনের ঘোষণা দেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। আলোচনায় অংশ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো আরশ আলী, নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব-সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোশতাক আহমদ, সাংবাদিক অপূর্ব শর্মা, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই, বাউল বশির উদ্দিন সরকার, মো শাহারুল রেজা, তফজ্জুল হোসেন ভাণ্ডারী ও যাত্রাশিল্পী বিজন কুমার সোম। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাস, প্রবীণ কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস, কবি এ কে শেরাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঞা, নাট্য ও কণ্ঠশিল্পী সুবল দেব প্রমুখ।