সরকার ব্যবসায়ীদের সুযোগ করে দিবে আর ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন : বিভাগীয় কমিশনার

প্রকাশিত September 20, 2023
সরকার ব্যবসায়ীদের সুযোগ করে দিবে আর ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন; কিন্তু সরকার এত টাকা বিনিয়োগ করতে পারবেনা। সরকার ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করে দিবে আর ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের অর্থনীতি অচিরেই ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে প্রাইভেট সেক্টরকে। অন্যদিকে সরকারকে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা আরও সহজ করে দিতে হবে।
বুধবার, ২০ সেপ্টেম্বর বিকেলে চেম্বার মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘চামড়াজাত পণ্য তৈরি’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে সফল হয়েছেন। ২০০৬ সালে বাংলাদেশে ওয়েবসাইট ছিল মাত্র ৯৮টি আর এখন ৫২ হাজারের বেশি। সরকারি অফিসগুলোতে এখন চিঠি-পত্র ফেলে রাখার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিয়ে দিতে হয় বা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
বিশেষ অতিথির বক্তব্যে জুলিয়া যেসমিন মিলি বলেন, চামড়াজাত পণ্য খাত বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। চামড়াজাত পণ্যের রপ্তানি আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশের পণ্যগুলো অন্যান্য দেশের পণ্যের তুলনায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর কারণ খুঁজে বের করে তা নিরসন করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি, এফবিসিসিআইর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শাকিল আহমদ রাজু, প্রশিক্ষণার্থী কাইটস মাসুদ, শামীমা আক্তার ও রুনা বেগম।
অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মিনতি দেবী। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি