বিএনপি এক দফা দাবিতে আন্দোলন করছে : মুক্তাদির || অক্টোবরেই সরকার পতন : জীবন

প্রকাশিত September 19, 2023
বিএনপি এক দফা দাবিতে আন্দোলন করছে : মুক্তাদির || অক্টোবরেই সরকার পতন : জীবন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সোমবার তিনি দীর্ঘ সময় আইসিইউতে ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলে যাওয়ার পরে তিনি চার দশক যাবত ক্লান্তিহীভাবে দেশ ও জাতির জন্য নিরলসভাবে কাজ করেছেন। কখনও কোন অপশক্তির কাছে মাথা নত করেননি।
তিনি আরও বলেছেন, জরুরি ভিত্তিতে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন; কিন্তু সরকার তাকে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছেনা। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
তার অভিযোগ, সর্বোপরি ‘স্বৈরাচার’ সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। সর্বক্ষেত্রে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তলানিতে। বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে। সাধারণ মানুষ বিএনপির আন্দোলনের সাথে রয়েছে। দেশকে সংকটমুক্ত করতে ‘ফ্যাসিস্ট’ সরকারকে বিতাড়িত করতে হবে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হাসান জীবন, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হাসান জীবন বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। অক্টোবর মাসের মধ্যেই ‘স্বৈরাচার’ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি