সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগ নেতাসহ ২ জন মারা গেছেন

প্রকাশিত September 17, 2023
সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগ নেতাসহ ২ জন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ওবায়দুল্লাহ ইসহাক (৩০) ও তার এক বন্ধু প্রাণ হারিয়েছেন।
শনিবার, ১৬ সেপ্টেম্বর দিনগত রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ওবায়দুল্লাহ ইসহাক সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন। অপরজন তার বন্ধু সিলেট মহানগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী মিরের ময়দান এলাকার এম হাফিজুর রশীদ (২৮)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, সালুটিকর মিত্রিমহল নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিকে সিলেটমুখী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা খেলে মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও তরুণ ব্যবসায়ী এম হাফিজুর রশীদের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক, ড আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ (ভিপি), সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি এবং সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারও গভীর শোক প্রকাশ করেছেন।