মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র আরিফ

প্রকাশিত September 5, 2023
মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র আরিফ

সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রাজনৈতিক জীবনে দেশ ও জাতীর উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের দুসাই রিসোর্ট সংলগ্ন এলাকায় এম সাইফুর রহমান স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আরিফুল হক চৌধুরী এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি আরও বলেন, এই জাদুঘরের মধ্য দিয়ে আগামী প্রজন্ম এম সাইফুর রহমানকে জানতে পারবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো মহসিন মিয়া মধু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা শাহরিয়ার হোসাইন, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোসলেহ উদ্দিন তারেক। সভাপতিত্ব করেন এম সাইফুর রহমান ফাউন্ডেশনে প্রধান পরিচালক সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি বলেন, এম সাইফুর রহমানের রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ফাউন্ডেশনে পরিচালক এম কায়ছার রহমান, এম সফিউর রহমান ও সাইফা রহমান। এর আগে আরিফুল হক চৌধুরী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এম সাইফুর রহমানের করব জিয়ারত করেন।সূত্র সংবাদ বিজ্ঞপ্তি