সিলেট মহানগরীর উন্নয়নে আনোয়ারুজ্জামানকে সহযোগিতা করবে প্রিন্সেস ফাউণ্ডেশন

প্রকাশিত August 31, 2023
সিলেট মহানগরীর উন্নয়নে আনোয়ারুজ্জামানকে সহযোগিতা করবে প্রিন্সেস ফাউণ্ডেশন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উন্নয়নে সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রিন্সেস ফাউন্ডেশন সহযোগিতা করবে।
বৃহস্পতিবার, ৩১ আগস্ট সকাল ১০টার দিকে নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে তার পাঠানটুলার বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউণ্ডেশনের প্রতিনিধি ভিক্টোরিয়া হোবে এ বিষয়টি নিশ্চিত করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ও প্রিন্সেস ফাউন্ডেশনের যৌথ প্রকল্প ‘গ্রামের হাওরে’র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভিক্টোরিয়া হোবে এখন সিলেটে অবস্থান করছেন।
সাক্ষাতকালে সিসিকি, শাবিপ্রবি ও প্রিন্সেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়
আলোচনাকালে ভিক্টোরিয়া হোবে বলেন, সিলেট মহানগরীকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রিন্সেস ফাউণ্ডেশন ও সিলেট সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে।
এছাড়াও তিনি নগর উন্নয়নে সিলেটের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সেক্ষেত্রে প্রবাসী বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে তিনি নবনির্বাচিত মেয়রের প্রতি আহ্বান জানান।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪টি বিশ্বমানের স্কুল স্থাপনের ব্যাপারে প্রিন্সেস ফাউণ্ডেশনের সহযোগিতা চাইলে ভিক্টোরিয়া হোবে মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রিন্সেস ফাউণ্ডেশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সিসিক মেয়রের মিডিয়া উইং থেকে সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেন।
পরে মেয়রের পক্ষ থেকে ভিক্টোরিয়া হোবেকে সিলেটের ঐতিহ্যবাহী চা ও শীতল পাটি উপহার দেওয়া হয়।
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রিন্সেস ফাউন্ডেশনের প্রতিনিধিকে নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান ঘুরে দেখান।
এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা ও সিসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।