বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণের অনুমতি পেলো বিএনএনআরসি

প্রকাশিত August 27, 2023
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণের অনুমতি পেলো বিএনএনআরসি

জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও সিভিল সোসাইটি কমিশনের স্টিয়ারিং কমিটি বিশ্ব স্বাস্থ্যের বর্তমান অগ্রগতিকে আরও বেগবান করতে নাগরিক সমাজের সংস্থাগুলোর ভূমিকা শক্তিশালী করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণকারী সংগঠন হিসেবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন-বিএনএনআরসিকে অনুমতি প্রদান করেছে।
ডব্লিউএইচও সিভিল সোসাইটি কমিশনের লক্ষ্য হলো, আলোচনা জোরদার করা, সহযোগিতা বৃদ্ধি করা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সমর্থন করার জন্য সুপারিশ করা। পাশাপশি সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাধারণ কর্মসূচির উদ্দেশ্য অর্জনে কাজ করা। সেই সঙ্গে স্বাস্থ্য-সম্পর্কিত এসডিজি অর্জনকে ত্বরান্বিত করা।
আরও লক্ষ্য হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নাগরিক সমাজের প্রয়োজন বিবেচনায় নিয়ে, বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ডব্লিউএইচও ও নাগরিক সমাজের সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রচেষ্টাকে সমর্থন করা। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুন্দর ও সঠিক ব্যবস্থাপনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পদ্ধতিগতভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা দেওয়া।
এ পর্যন্ত ৩৫০টিরও বেশি সংস্থা কমিশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য আবেদন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত গৃহীত ১২০টি সংস্থাকে অবহিত করা শুরু করেছে। ইতোমধ্যে এই কমিশনের কাজ শুরু হয়েছে এবং নাগরিক সমাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পরামর্শও গ্রহণ করা হয়েছে। এরপরও ডব্লিউএইচওর সঙ্গে জড়িত থাকার মাধ্যমে আরও ভাল ও অর্থপূর্ণ উপায়গুলো অন্বেষণ করা এবং সঠিক পদ্ধতি খুঁজে বের করার জন্যও এই কমিশন কাজ করছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ‘আমরা অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে, আমরা যে সেবা সকলকে প্রদান করছি সেই সব মানুষের কথা শোনা দরকার। তাদের প্রয়োজন অনুযায়ী সাড়া দেওয়াও দরকার। সেই সঙ্গে তাদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জগুলোকে যথাযথভাবে মোকাবেলা করার জন্য অপরিহার্যভাবে তাদের পরামর্শ নেয়াও প্রয়োজন।’
তিনি আরও বলেছেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সিভিল সোসাইটি কমিশন গঠন করেছি, যাতে বিভিন্ন পটভূমি ও প্রেক্ষাপট থেকে নাগরিক সমাজকে একত্রিত করে তাদের কাছ থেকে আমাদের জন্য পরামর্শ নিতে পারি এবং সেইসঙ্গে আমরা সকলের সঙ্গে কাজ করতে পারি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি। তাদের ধারণা ও সঠিক পরামর্শ নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি।’
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্টের ভূমিকায় দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর তথ্য অধিকার, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু বিবেচনায় রেখে গণমাধ্যমের উন্নয়ন।
উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা, যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। এটি জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা। সংস্থাটি তথ্য সমাজ বিনির্মাণে অবদানের জন্য ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি জাতিসংঘের পুরস্কার-২০১৬ বিজয়ী এবং ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২৩ এর চ্যাম্পিয়ন। সংবাদ বিজ্ঞপ্তি