জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যৌথভাবে এই শ্রদ্ধা নিবেদনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
শুক্রবার, ২৫ আগস্ট দুপুর ১২টার দিকে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছলে বঙ্গবন্ধুর মাজারের তত্ত্বাবধায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান। এরপর তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে নেতৃবৃন্দ জাতির পিতা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
তারা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও জাতির পিতার অপর কন্যা শেখ রেহানার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
নেতৃবৃন্দ সমাধি কমপ্লেক্সের মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করেছেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতা এবং উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি