জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে স্মরণকালে বৃহত্তম শোক মিছিল

প্রকাশিত August 25, 2023
জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে স্মরণকালে বৃহত্তম শোক মিছিল

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ স্মরণকালের বৃহত্তম শোক মিছিল করেছে। এছাড়া আলোচনা সভা এবং দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
শুক্রবার, ২৫ আগস্ট বিকেলে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা জমায়েত হন পৌরসভা প্রাঙ্গণে। সেখানে জেলা ছাত্রলীগ সভাপতি মোশাররফ হোসেন আরিফ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেন, জাতির পিতাকে হত্যা করলেও খুনিরা তার আদর্শকে ধ্বংস করতে পারেনি। বঙ্গবন্ধুর সেই আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যাতে কোন ধরনের ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধান অতিথি জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভার পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশাল শোক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।