সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ব্রিটিশ সরকার সর্বাত্মক সহযোগিতা দিবে।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট সকালে বাংলাদেশে নিযুক্ত ইউকে রাষ্ট্রদূত সারাহ কুক মহানগরীর পাঠানটুলায় মেয়রের বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস দেন।
রাষ্ট্রদূত সেখানে পৌঁছলে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অতিথিকে অভ্যর্থনা জানান।
সৌজন্য সাক্ষাতকালে সারাহ কুক বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্ব এবং বিশেষ করে সিলেট ও প্রবাসীদের নানা বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে তিনি মেয়রকে আশ্বস্ত করেন।
একই সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশীদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথা শুনে প্রশংসা করেন।
সারাহ কুক সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং সিলেটের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
মেয়রের পক্ষ থেকে ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুককে সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেয়া হয়।