হবিগঞ্জে সংঘর্ষ || জি কে গউছ সহ বিএনপির ৭শ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের দুই মামলা

প্রকাশিত August 21, 2023
হবিগঞ্জে সংঘর্ষ || জি কে গউছ সহ বিএনপির ৭শ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের দুই মামলা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৭শ আসামি দিয়ে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার, ২১ আগস্ট বিকেলে বিস্ফোরক ও পুলিশ এসল্ট আইনে হবিগঞ্জ সদর থানায় মামলা দু’টি মামলা দায়ের করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ১৭ জনকে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সদর থানার ওসি-তদন্ত বদিউজ্জামান জানান, সদর থানার এসআই ওয়াহেদ গাজী বাদি হয়ে বিস্ফোরক আইনে ৯০ জনের নাম উল্লেখ করে আর এসআই খোরশেদ আলম বাদি হয়ে ৯৭ জনের নাম উল্লেখ করে পুলিশ এসল্ট আইনে আলাদা আলাদাভাবে মামলা দায়ের করেন। দুই মামলায় আরও ৬শ থেকে ৭শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। প্রথমে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল; কিন্তু এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। অন্যদিকে আহত হন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশংকাজনক অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, যুবদল নেতা আমিন শাহ, নূর উদ্দিন, ছাত্রদল নেতা সৈয়দ আশরাফ আহমেদ, মনিরুজ্জামান, অলিউর রহমান অলি, সাইফুল রহমান বাবু, সাবের আহমেদ ও অনিক হাসান সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।