বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ সময় শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের ব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিয়ষক সম্পাদক জি কে গউছ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রবিবার, ২০ আগস্ট বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছার পর বিএনপির নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর থানার ওসি অজয় চন্দ্র দেব ও হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।