শান্তিপূর্ণ সমৃদ্ধ নগরী গড়তে আবারও সবার সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত August 18, 2023
শান্তিপূর্ণ সমৃদ্ধ নগরী গড়তে আবারও সবার সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক নগরী সিলেটকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নগরী হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
তাই তিনি আবারও সবার সহযোগিতা কামনা করলেন।
শুক্রবার, ১৮ আগস্ট মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের খুলিয়াপাড়া জামে মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিদের সঙ্গে আলাপকালে আনোয়ারুজ্জামান চৌধুরী এই সহযোগিতা চান।
নতুন মেয়র বলেন, যেমনি নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনে আন্তরিক থাকবেন তেমনি নাগরিকদেরকেও নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন ডেঙুর মওসুম। তাই সবাইকে নিজ নিজ বাড়িঘর ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি সবার সঙ্গে কুশল বিনিময় শেষে খুলিয়াপাড়াবাসীর সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও মসজিদের মোতওয়াল্লি ফরমুজ আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।