সবার সমর্থন-সহযোগিতায় প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : আনোয়ারুজ্জামান

প্রকাশিত August 11, 2023
সবার সমর্থন-সহযোগিতায় প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সবার সমর্থন ও সহযোগিতা নিয়েই মহানগরীর প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেছেন, এখন বর্ষা মৌসুম। এ সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। তাই নিজ নিজ বাসা-বাড়ির আঙিনা ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকে সবাইকে নজর দিতে হবে।
এ কাজে এগিয়ে আসতে মেয়র প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শুক্রবার, ১১ আগস্ট সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও আলাপ করছিলেন।
এ সময় এলাকার মুসল্লিরা টিলাগড় জামে মসজিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে নবনির্বাচিত মেয়রকে অবহিত করলে তিনি এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি