নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি ও একটি গাড়িসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে।
নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক ব্যবসা, হত্যা, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতা, অবৈধ অস্ত্র রাখা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িদের গ্রেফতারের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার ১১ আগস্ট মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন এলাকায় চেকপোস্ট পরিচালনার সময়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষভাবে রাখা উল্লেখিত বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করে।
এ সময় মাইক্রোবাসসহ দুই অস্ত্রধারীকেও গ্রেফতার করা হয় বলে র্যাব ৯ এক তথ্য বিবরণীতে জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুরামপুর (সরকার বাড়ি) এলাকার মৃত আবু তাহেরের ছেলে আব্দুল কাদির (৬৬) ও নোয়াগাঁও এলাকার মৃত আব্দুর নূরের ছেলে মো কামাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে রাখা রিভলবারটি সংক্রান্ত বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি বলে র্যাব ৯ জানিয়েছে।
আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।