নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সরকারি নির্দেশিকা মোতাবেক ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ১০ আগস্ট সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানেরর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভার সভাপতি, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন।
সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী রবিবার, সকাল ৯টা থেকে ১০টায় সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিংমল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও সভায় আগামী এক মাস মসজিদে জোহর ও এশার আজানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত), মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ক্যাব সভাপতি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা আনসার কমান্ডেন্ট প্রতিনিধি, বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইড প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র তথ্য বিবরণী