ডিজিটাল ট্রান্সফরমেশনে উদ্ভুত পরিবর্তনের চ্যালেঞ্জ ও কমিউনিটি রেডিওর ভূমিকা

প্রকাশিত August 6, 2023
ডিজিটাল ট্রান্সফরমেশনে উদ্ভুত পরিবর্তনের চ্যালেঞ্জ ও কমিউনিটি রেডিওর ভূমিকা

চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কমিউনিটি রেডিও এখন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। দিন দিন রেডিওর শ্রোতা সংখ্যা কমে যাচ্ছে। তাই বর্তমান পরিবর্তিত সময়ে কমিউনিটি রেডিওকে টিকিয়ে রাখতে আশু করণীয় নির্ধারণ করার লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে গত ২ ও ৩ আগস্ট ‘ডিজিটাল প্রযুক্তিগত পরিবর্তিত সময়ে কমিউনিটি রেডিওর করণীয়’ শীর্ষক এক ধারাবাহিক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হলো।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি সম্প্রচারের জন্য প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল ট্রান্সফরমেশনের ফলে উদ্ভুত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্পর্কে আলোকপাত করা।
কর্মশালায় দেশের ১৯ কমিউনিটি রেডিও ও ২টি কমিউনিটি অনলাইন রেডিওর মোট ৪২ জন স্টেশন ম্যানেজার ও জ্যেষ্ঠ সম্প্রচাকারীবৃন্দ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী রেডিওগুলো হলো, কমিউনিটি রেডিও পদ্মা ৯৯.২ এফএম (রাজশাহী), নলতা ৯৯.২ এফএম (কালীগঞ্জ, সাতক্ষীরা), লোকবেতার ৯৯.২ এফএম (বরগুনা), পল্লীকন্ঠ ৯৯.২ এফএম (মৌলভীবাজার), সাগরগিরি ৯৯.২ এফএম (সীতাকুণ্ড, চট্টগ্রাম), মহানন্দা ৯৮.৮ এফএম (চাঁপাইনবাবগঞ্জ), মুক্তি ৯৯.২ এফএম (বগুড়া), চিলমারী ৯৯.২ এফএম (চিলমারী, কুড়িগ্রাম), ঝিনুক ৯৯.২ এফএম (ঝিনাইদহ), কৃষি রেডিও ৯৯.৮ এফএম (আমতলী, বরগুনা), নাফ ৯৯.২ এফএম (টেকনাফ, কক্সবাজার), সুন্দরবন ৯৮.৮ এফএম (দাকোপ, খুলনা), বিক্রমপুর ৯৯.২ এফএম (মুন্সিগঞ্জ), বরেন্দ্র ৯৯.২ এফএম (নওগাঁ), মেঘনা ৯৯.০ এফএম (চরফ্যাসন, ভোলা), সাগরদ্বীপ ৯৯.২ এফএম (হাতিয়া, নোয়াখালী), সারাবেলা ৯৮.৮ এফএম (গাইবান্ধা), বড়াল ৯৯.০ এফএম (বাঘা, রাজশাহী) ও সৈকত ৯৯.০ এফএম (কক্সবাজার) এবং কমিউনিটি অনলাইন রেডিও দ্বীপ ও ভৈরব।
কর্মশালায় মূলত ৪টি বিষয়ের উপর আলোচনা করা হয়। বিষয়গুলো হলো, ভবিষ্যতের কমিউনিটি পরিচালনা বিষয়ে নতুনভাবে চিন্তা করা, অন্তর্ভুক্তিতার সঙ্গে শ্রোতা সম্পৃক্তকরণ, আন্তঃশ্রেণিতে প্রভাব বিস্তার করা, কমিউনিটির অব্যবহৃত সম্পদ বা রিসোর্স মবিলাইজ করা বা কাজে লাগানো ।
মূল আলোচনা পর্ব পরিচালনা করেন এএইচএম বজলুর রহমান (প্রধান নির্বাহী কর্মকর্তা, বিএনএনআরসি) ও হীরেন পণ্ডিত (কর্মসূচি সমন্বয়কারী, বিএনএনআরসি)।
এএইচএম বজলুর রহমান ‘স্মার্ট বাংলাদেশে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের ভিশন তুলে ধরেন।
তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গ্রামীণ এলাকার মাত্র ৮.৫% শ্রোতা রেডিও শোনেন। অন্যদিকে ২৯.৭% গ্রামীণ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
পরিস্থিতি বিবেচনা করে তিনি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিউনিটি রেডিওর উপস্থিতির ওপর জোর দেন।
নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে কমিউনিটি রেডিওগুলোকে কিভাবে টিকিয়ে রাখা যায়-এ বিষয়ক মুক্ত আলোচনা অধিবেশনে অংশগ্রহণকারীরা ডিজিটাল রূপান্তরের বিষয়ে তাদের বর্তমান উদ্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার সাহানা পারভীন বলেন, কমিউনিটি রেডিওগুলো কখনই পর্যাপ্ত বিজ্ঞাপন পায়নি। বর্তমানে বিজ্ঞাপনের সে হারও লক্ষ্যণীয়ভাবে কমে যাচ্ছে।
রেডিও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির কামাল বলেন, তারা ইতোমধ্যে মাঠ থেকে ভিডিও লাইভ অনুষ্ঠান শুরু করেছেন এবং লোকবেতারের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সমম্প্রচারও করেছেন। তবে এই সম্প্রচার কার্যক্রমের পরিসর বাড়ানোর জন্য প্রযুক্তিগত সহায়তা ও সম্প্রচারকারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া আবশ্যক।
সম্প্রতি রেডিও সাগরগিরি তাদের ফেসবুক পেজে স্থানীয় সংস্কৃতি ও পর্যটনের উপর ভিডিও ডকুমেন্টারি সম্প্রচার করছে। স্থানীয় মানুষ এই ডকুমেন্টারিগুলো খুব পছন্দ করছেন।
আগের তুলনায় রেডিওর দর্শক বেড়েছে বলে জানান রেডিও সাগরগিরির স্টেশন ম্যানেজার সঞ্জয় চৌধুরী।
তিনি আশা প্রকাশ করেন যে, কমিউনিটি রেডিও যদি স্থানীয় ইস্যুতে আঞ্চলিক ভাষায় মানসম্পন্ন ভিডিও কনটেন্ট তৈরি করে তাহলে রেডিওর দর্শক-শ্রোতা দিন দিন বাড়বে। আর এ জন্য অনলাইন রেডিওতে রূপান্তরিত হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
অন্যদিকে রেডিও বিক্রমপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আওলাদ হোসেন খান বলেন, কমিউনিটি রেডিওর উদ্যোক্তা সংগঠনগুলোকে ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবেলায় রেডিওতে আরও বিনিয়োগ করতে হবে।
রেডিও মহানন্দার ফেসবুক পেজ ইতোমধ্যেই মনিটাইজেশনের আওতায় এসেছে জানিয়ে রেডিওটির সিনিয়র টেকনিক্যাল প্রডিউসার রেজাউল করিম বলেন, প্রতিটি কমিউনিটি রেডিওর নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ডেডিকেটেড নিউজ পোর্টাল ও অনলাইন রেডিও অ্যাপ থাকা জরুরি; কিন্তু এগুলো পরিচালনা ও মানসম্মত কন্টেন্ট তৈরি সংক্রান্ত উন্নত প্রশিক্ষণ ছাড়া এগোনো সম্ভব হবেনা।
রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার গোলাপ মোস্তাফিজ বলেন, ‘যেহেতু রেডিওর স্বেচ্ছাসেবকদের কোন নিয়মিত বেতন দেওয়া সম্ভব হয়না তাই আমরা তাদের নিকট থেকে কন্টেন্ট নিতে পারি। মানসম্মত কন্টেন্ট তৈরির মাধ্যমে যেমনি এই স্বেচ্ছাসেবকদের আয় হবে তেমনি রেডিওর সামাজিক মাধ্যমগুলোও মনিটাইজেশনের আওতায় আসবে।’
এছাড়া স্মার্ট বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কমিউনিটি রেডিওগুলোকে টিকে থাকতে হলে রেডিওর ভিজ্যুায়ল ট্রান্সফরশেন ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় করা ছাড়া যে আর কোন বিকল্প নেই সে ব্যাপারে সকলেই একমত পোষণ করেন।
আশা করা হচ্ছে, এই কর্মশালার পরে অংশগ্রহণকারী স্টেশন ম্যানেজার ও সম্প্রচারকারীগণসহ কমিউনিটি রেডিওর অন্য সদস্যরাও ডিজিটাল প্রযুক্তিগত পরিবর্তিত সময়ে উদ্ভুত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় কমিউনিটি রেডিওর করণীয় সম্পর্কে রেডিও সংশ্লিষ্ট সকলে গভীরভাবে চিন্তা করতে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবে। সংবাদ বিজ্ঞপ্তি