হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিল ভাল : উপাচার্য

প্রকাশিত August 6, 2023
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিল ভাল : উপাচার্য

বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবি কেন্দ্রে দেশের ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৫ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে এই কেন্দ্রে মোট দু’টি ভবনের ৮টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ৩৫৮ জন উপস্থিত ছিলেন ।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত দুপুর ১২টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হারও ছিল বেশ ভাল। গুচ্ছ পদ্ধতিতে ৮টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একযোগে হওয়ায় সে অনুযায়ীই সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র অনুষ্ঠিত হয়।
এছাড়া তিন উপকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, এখানে ৩টি অনুষদের অধীনে আসন রয়েছে ৯০টি। হকৃবিতে বর্তমানে এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ, কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম চলছে।