বিশেষ প্রতিবেদক : সারাদেশে ১১টি কেন্দ্রে কৃষিগুচ্ছ ২০২২-২৩ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৫ আগস্ট সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের জন্যে ৮১ হাজার ২১৯ জন আবেদন করলেও ৬৫ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মো মেহেদী হাসান খান জানান, পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৭৮৬, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১১ হাজার ১৪৯, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৬০, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৪৯, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ১৮৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৭৮৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৬৬৭, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩৭৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭২৫, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৬৯ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩৫৮, যা মোট আবেদনকারীর ৮০.৫৯ শতাংশ। অর্থাৎ প্রায় ২০ শতাংশ অনুস্থিত থাকেন।
এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা বলেন, দেশের সকল কেন্দ্রেই অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেবল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে তৎক্ষণাৎ তার বিরূদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।’