নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার, ১ আগস্ট। বাঙালির শোকের মাসের প্রথম দিন। এ মাসটি বর্ষপরিক্রমায় সেই কালরাতের ভয়াবহতাকে চোখের সামনে এনে দাঁড় করিয়ে দেয়, যে অভিশপ্ত রাত জাতির হাজার বছরের আরাধ্য পুরুষকে কেড়ে নিয়ে সকল স্বপ্ন-সাধের ভিতকে নড়বড়ে করে দেয়।
এক সাগর রক্তে সিক্ত বিশাল ধ্বংসস্তুপ যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে ত্রিশলাখ শহীদের প্রত্যাশা পূরণের পথে অগ্রসরমান ঠিক তখনই ঘটে সর্বনাশ। একাত্তরে পরাজিত দেশী-বিদেশী শত্রুরা সপরিবারে হত্যা করে উন্নত-সমৃদ্ধ দেশ-সোনার বাংলার স্বপ্নদ্রষ্টাকে। কলঙ্কের কালিমা লেপন করে হার না মানা জাতির কপালে। উল্টো পথে হাঁটতে থাকে রাষ্ট্র। টানা ২১ বছরে বাঙালি আর বাংলাদেশের পরিচয়টাই ম্লান হয়ে যায়। ক্রমে হারিয়ে যেতেই বসে।
সেই দুঃসময় আর দুঃস্বপ্নের কাল থেকে ফিরে এসেছে প্রিয় স্বদেশ। আবার পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে বাঙালির বাংলাদেশ নামে। যাত্রা শুরু করেছে একাত্তরের লক্ষ্য অভিমুখে। পিতার অপূর্ণ স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ কন্যা। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রাষ্ট্রের প্রতিটি নাগরিক নিশ্চিত ’নেই ভয়, হবে-হবেই জয়।’ আগস্ট সেই কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনার শক্তি-সাহস হয়ে আসে। এসেছে। আসবে।