বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এ বছর বন্যা ও বৃষ্টি বেশি ছিল। এ কারণে মশা বেড়ে যাওয়ায় ডেঙ্গু রোগীও বৃদ্ধি পেয়েছে। মশা নিধন করলে ডেঙ্গুর প্রকোপ আপনাআপনি কমে যাবে।
তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত দেশে দুইশর বেশি লোক ডেঙ্গু রোগে মারা গেছে এবং ৪০/৪৫ হাজার আক্রান্ত হয়েছে।
রবিবার, ৩০ জুলাই দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জাহিদ মালিক বলেন, সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা-উপজেলা থেকে শুরু করে বড় বড় মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধও রয়েছে।
তিনি জানান, ডাক্তার-নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং এক সময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।
বিএনপির রাজনীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপিকে টেলিভিশনে দেখা যায়; কিন্তু তারা দেশের স্বার্থে- জনগণের স্বার্থে কখনও কাজ করে না। সংবিধান মানেনা। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে। রাজপথে গাড়ি পোড়ায়। তাদের হাতে দেশ নিরাপদ নয়।
সুধী সমাবেশে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মো খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও সিভিল সার্জন ডা আহম্মদ হোসেন।