শাল্লায় অবৈধ পথে আসা ৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ || মালিক খুঁজে পাওয়া যায়নি

প্রকাশিত July 26, 2023
শাল্লায় অবৈধ পথে আসা ৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ || মালিক খুঁজে পাওয়া যায়নি

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অবৈধ পথে আসা ৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। বুধবার, ২৬ জুলাই দুপুরে উপজেলার সাতপাড়া বাজারে যাত্রীবাহী একটি নৌকা থেকে এই চিনি জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে পার্শ্ববর্তী দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে যাত্রীবাহী নৌকাটি আজমিরীগঞ্জ উপজেলায় যাত্রীসহ ৭৫ বস্তা চিনি নিয়ে যাচ্ছিল; কিন্তু সাতপাড়া বাজারে নৌকাটি পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের নেতৃত্বে চিনির বস্তাগুলো জব্দ করে নিয়ে আসা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারতীয় ৭৫ বস্তা চিনি জব্দ করার বিষয়টি শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, জব্দ করা চিনির মালিক কে তা জানা যায়নি। নৌকায় নারী-পুরুষ ও প্রতিবন্ধী যাত্রী থাকায় তা আটক করা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।