ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করলেন সিসিক মেয়র আরিফ

প্রকাশিত July 24, 2023
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করলেন সিসিক মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সোমবার, ২৪ জুলাই দুপুরে নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের ডেঙ্গু বিষয়ক কার্যক্রমের বর্ণনা দেন।
তিনি জানান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা সুষ্টির লক্ষ্যে মহানগরীর ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে চলছে সচেতনতামূলক প্রচারণা। অভিযান চলছে এডিস মশার লার্ভা অনুসন্ধানে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে। যেসকল বাসা-বাড়ি ও ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব বাসা-বাড়ি, দোকান ও ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।