নিজস্ব প্রতিবেদক : সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস (হাইএইচ) ও নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
এর মধ্যে ৫ জন ঘটনাস্থলে ও গুরুতর আহত একজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মারা যান।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বৃহস্পতিবার, ২০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও এলাকায় পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চবিদ্যালয়ের কাছে সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সিলেটমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক নারীসহ ৪ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
গুরুতর আহত এক অটোরিকশা যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তিনিও মারা যান।
মাইক্রোবাসের চালকও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রায় দেড়শ মিটার দূরে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তবে কোনো যাত্রীকে পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।