আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা || পদযাত্রা বিএনপির || শংকা নেই সংঘাতের

প্রকাশিত July 18, 2023
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা || পদযাত্রা বিএনপির || শংকা নেই সংঘাতের

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার, ১৮ জুলাই সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। একই দিন পদযাত্রা কর্মসূচি বিএনপির। দুই দলেরই কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশে শোভাযাত্রা ও পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রা দুপুর ১২টায় শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে।
এ জন্যে দলের এবং প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে সকাল সাড়ে ১১টার মধ্যে নিজ নিজ ব্যানারে মিছিল সহকারে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হতে বলা হয়েছে।
এর ঠিক দু’ঘণ্টা পরেই শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি পদযাত্রা করবে।
রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ২টায় পদযাত্রা শুরু হবে।
কর্মসূচি সফল করতে জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
একই দিনে এবং কাছাকাছি সময়ে বড় কর্মসূচি হলেও দ্বন্দ্ব-সংঘাতের আশংকা নেই। সিলেটের রাজনৈতিক ইতিহাস তাই বলে। এখানে আদর্শিক বিরোধিতা থাকলেও পরমতসহিষ্ণুতা বিদ্যমান আছে বলে সবাই বিশ্বাস রাখেন।
এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির শোভাযাত্রা ও পদযাত্রাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ প্রস্তুতি রয়েছে।