জুড়ী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে; কিন্তু এত উন্নয়ন বিএনপি চোখে দেখছেনা। তাই উন্নয়ন দেখতে বিএনপিকে চোখের ডাক্তার দেখাতে হবে।
মঙ্গলবার ১১ জুলাই বিকেলে সড়ক বিভাগের বাস্তবায়নে মৌলভীবাজারের জুড়ী উপজেলা চৌমোহনীতে পিএমপির আওতায় জুড়ী-লাঠিটিলা (আর-২৮২) আঞ্চলিক মহাসড়কের নাইট চৌমোহনী থেকে খাদ্য গুদাম পর্যন্ত ১১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১১২০ মিটার নবনির্মিত রিজিড পেভমেন্ট সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে এর দশ ভাগের একভাগও হয়নি বিএনপি আমলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করার যে ঘোষণা দিয়েছেন সে লক্ষ্যেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
তিনি জানান, এ সরকার কলেজ, মাদরাসা এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো মাসুক মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক সোনা, যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্মসাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদ, সাইরুল ইসলাম, হাসান তারেক, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক মো শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো নূরুজ্জামান, ছাত্রলীগ নেতা মো আল আমিন প্রমুখ।