নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের করোনা (কোভিড-১৯) টিকাদান কর্মসূচিতে ভ্যাকসিন স্বল্পতার কারণে অনেকেই টিকা নিতে পারেননি।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারা দেশের মতো সিসিকের ৪২টি ওয়ার্ডের ৮৪টি টিকা কেন্দ্রের মাধ্যমে সোমবার ও মঙ্গলবার (১০-১১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন টিকাদান কার্যক্রম পরিচালনা হয়। এই সময়ে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সকল নাগরিককে করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়ার কথা ছিল।
শনিবার সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিকগণের স্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত কেন্দ্রে টিকাকার্ড কিংবা টিকা সনদসহ উপস্থিত হয়ে টিকা গ্রহণের আহবান জানানো হয়।
আরও জানানো হয়, যারা কমপক্ষে ৪ মাস আগে করোনা টিকার দ্বিতীয় বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে ভ্যাকসিনের প্রাপ্যতা অনুযায়ী পরবর্তী ডোজ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দু’দিনব্যাপী কার্যক্রমে সম্মুখসারির যোদ্ধা, ৬০ বছরের উর্ধ্ব বয়সী ও দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।
এছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী যে সকল শিশু এখনও প্রথম বা দ্বিতীয় ডোজ গ্রহণ করেনি তাদেরকে নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে করোনা টিকা দেওয়া হবে।
কিন্তু শেষপর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর চাহিদা অনুসারে করোনা ভ্যাকসিন সরবরাহ করতে পারিনি। ফলে টিকা নিতে আগ্রহী অনেককেই কেন্দ্রে এসে টিকা না নিয়েই ফিরতে হয়েছে।
সিসিক জানায়, টিকা সরবরাহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যায়ে দেওয়া হয় ১০ হাজার ভ্যাকসিন । তবে আগ্রহীর সংখ্যা এর চেয়ে বেশি হওয়ায় ১০ হাজার জনকে টিকা দিয়েই কার্যক্রম স্থগিত করতে হয়।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এজন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।