স্বাধীনতা ও সংস্কৃতিবিরোধী সকল ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করার অঙ্গীকার ঘোষণা

প্রকাশিত July 7, 2023
স্বাধীনতা ও সংস্কৃতিবিরোধী সকল ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করার অঙ্গীকার ঘোষণা

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন কর্মসূচি থেকে বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালি সংস্কৃতি বিরোধী সকল ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে দাবি জানানো হয়েছে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।
সরকার যথাযথ পদক্ষেপ না নিলে সংস্কৃতিকর্মীরা দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়।
বক্তারা বলেন, প্রশাসনে এখনও বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালি সংস্কৃতি বিরোধী চক্র সক্রিয় রয়েছে। এর প্রমাণ চাঁপাই নবাবগঞ্জে শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে নাট্যকর্মীদের হত্যার ষড়যন্ত্র। এর আগেও এই জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় নানা অপকর্ম ঘটানো হয়েছে।
চাঁপাই নবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নাট্যকর্মীদের হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে ও সংস্কৃতিবিরোধী সকল অপকর্ম রুখে দিতে শুক্রবার ৭ জুলাই বিকেলে মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে এই প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত। সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোশতাক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, নিরঞ্জন দে যাদু, খোয়াজ রহিম সবুজ, সাংবাদিক অপূর্ব শর্মা, বাংলাদেশ নৃত্যাশিল্পী সংস্থার সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্ত। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন এবং বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।