বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রকাশিত July 6, 2023
বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৯৯১ সালে বাংলাদশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকের উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, উপদেষ্টা মানবাধিকারকর্মী-সাংবাদিক আনছার আহমেদ উল্লাহ, সিকদার মোহাম্মদ কিটন, সহসাধারণ সম্পাদক আব্দুল বাছির প্রমুখ।
স্মারকলিপিতে ব্রিটিশ সরকারের কাছে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সামরিক জান্তা ও তাদের দোসর আল বদর-রাজাকারদের দ্বারা ত্রিশ লাখ বাঙালি হত্যাকাণ্ডে জড়িত ১৯৫ জন পাকিস্তানি সৈনিকের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিও জানানো হয়েছে।
একাত্তরে ধর্মের নামে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রকৃতপক্ষে ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের আত্মদান ও আত্মমর্যাদার স্বীকৃতি উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, মৌলবাদী ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের গণহত্যা অস্বীকারের অপচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রেও এই স্বীকৃতি সহায়ক হবে।
স্মারকলিপিতে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ব্রিটিশ সরকার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
আরও উল্লেখ করা হয়, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে আসা ও বিট্রিশ সরকারের ভূমিকা বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লন্ডনের মাটিতে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির দাবি সবসময়ই আলাদা তাৎপর্য বহন করে। কারণ ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবেই প্রথম বাংলাদেশ প্রসঙ্গে ‘জেনোসাইড’ শব্দটি ব্যবহৃত হয়েছিল; কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক স্নায়ুযুদ্ধের কারণে ঐতিহাসিকভাবে প্রমাণিত এই ন্যাক্কারজনক জেনোসাইড এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। যুগ যুগ ধরে পাকিস্তানের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ও কূটনৈতিক প্রচারণার কারণে একাত্তরের জেনোসাইডের শিকার লাখো নারী-পুরুষ ও তাদের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি